ময়মনসিংহ মেইল

কৃষিজমিতে অবৈধ সিসা কারখানা, অভিযান টের পেয়ে পালালেন অর্ধশত শ্রমিক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-09 08:05:35 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে কৃষিজমিতে গড়ে তোলা কথিত অবৈধ সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতির খবর আগেই পেয়ে যায় কারখানায় কর্মরত শ্রমিকরা। অভিযান শুরুর আগেই অর্ধশত শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করতে পারেনি প্রশাসন।

উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম-নিঘোরকান্দা এলাকার হারবা বিলে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

অভিযোগ রয়েছে, কৃষিজমির ওপর দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ কাজে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছিল না বলেও স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, নিঘোরকান্দা ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল হক ও তার পরিবারের সদস্যদের জমিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি।

স্থানীয়দের অভিযোগ, শুধু নিঘোরকান্দাই নয়, হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা এবং বৈলর ইউনিয়নের নামাপাড়া এলাকায়ও দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলছে। এসব কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানায় কর্মরত শ্রমিকরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ব্লোয়ার, গরম সিসা নাড়ানোর চামচ, খুন্তি, ব্যাটারির কেসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মাহবুবুর রহমান আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত সোমবার এ অভিযানে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক ও ত্রিশাল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত