নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-02 08:07:37 · স্টাফ রিপোর্টার
নেত্রকোণার কলমাকান্দায় বাড়ির সামনের গর্তের পানিতে ডুবে হুমাইরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইরা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে গর্তের পানি থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসাদ সারওয়ার শামিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।