বিদ্যালয়ের জমি উদ্ধারে নেত্রকোনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-16 11:32:49 · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় দুটির সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ আগস্ট একই দাবিতে মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, মিল-কারখানার দূষণ বন্ধ, অন্যের দখলে থাকা বিদ্যালয়ের জমি উদ্ধারসহ ছয় দফা দাবি জানানো হয়। তবে সময় পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা, বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের কোনো বিকল্প নেই। পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি সংরক্ষণ জরুরি।
এদিকে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বিক্ষোভ করে।
বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।