ময়মনসিংহ মেইল

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় অভিযান : ৭ শ্রমিকের কারাদণ্ড

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-08 12:39:01 · শরিফুল হাসান রানা


ময়মনসিংহের হালুয়াঘাটে পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই ঘটনায় কারখানার মালিক শরাফ উদ্দিন এবং জমির মালিক আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানাটিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলমান অবস্থায় পাওয়া যায়।
হালুয়াঘাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র‌্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলছিল। এতে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি হলে তা প্রশাসনের নজরে আসে। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন।
অভিযানের সময় পানি দিয়ে কারখানার চুল্লি নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সবুজবাগ এলাকার জাবেদ আলীর ছেলে আ. মান্নান (৪৮), কৃষ্ণপুর এলাকার দুলহাজ দেওয়ানের ছেলে আ. রহিম (২৪), পাকুরতলা এলাকার আ. মতিন মণ্ডলের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৪), খুবজিপুর এলাকার আসলাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (২২), কামালিয়াপাড়া এলাকার মো. আ. রশিদ ব্যাপারীর ছেলে মো. আনারুল ইসলাম (৪০), চাকুলী এলাকার মো. ফজলু মণ্ডলের ছেলে মো. মশিউর (২৮) এবং একই এলাকার আনোয়ার মণ্ডলের ছেলে মো. শিপন (২০)।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল এবং ১৫০টি পুরোনো ব্যাটারি জব্দ করা হয়েছে। 
তিনি আরও বলেন, অবৈধভাবে পরিচালিত ওই কারখানার সঙ্গে জড়িত মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘অবৈধভাবে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের অভিযোগ, জমির মালিক হিসেবে পরিচিত আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের প্রভাবের কারণেই দীর্ঘদিন কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। তবে এ অভিযোগের বিষয়ে শফিকুর রহমান শফিকের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা কারখানাটি যাতে ভবিষ্যতে আর চালু না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত