ময়মনসিংহ মেইল

‘চোখের সামনে আমার স্বামীকে পাড়াইয়া মারছে, আমি এর বিচার চাই’

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-15 11:39:56 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের আটতলায় আগুন লাগার খবরে ছড়িয়ে পড়া আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে শাহজাহান মনির (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

নিহত শাহজাহান মনির ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের বাসিন্দা।

স্বামীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন স্ত্রী হারিছা খাতুন।

ঘটনার আকস্মিকতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় জীবন বাঁচাতে অনেকেই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। তাড়াহুড়ো ও হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান কয়েকজন। এতে পদদলিত হয়ে শাহজাহানসহ কয়েকজন হতাহত হন।

নিহতের স্ত্রী হারিছা খাতুন বলেন, ‘চোখের সামনে আমার স্বামীকে পাড়াইয়া মারছে। আমি এর বিচার চাই।’

তিনি বলেন, ‘আমার স্বামী ও বড় বোনের স্বামীকে ধরে আমি নিচে নামতেছিলাম। সিঁড়িতে দুই-তিন ধাপ নামছি, তখনই মানুষের ধাক্কাধাক্কিতে পড়ে যাই। এরপর আর কিছু বলতে পারি নাই। আমার জ্ঞান ছিল না।’

তিনি জানান, পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় তার জ্ঞান ফেরে। তখন স্বামীর বিষয়ে জানতে চাইলে হাসপাতালের লোকজন তাকে জানান, শাহজাহানকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, তার স্বামী আর বেঁচে নেই।

হারিছা খাতুন বলেন, ‘আমার স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হইছিলাম। ওনার মেরুদণ্ডের হাড়ে টিবি হয়েছিল। গত বুধবার হাসপাতালে ভর্তি করি। প্রথমে পুরোনো ভবনের তৃতীয় তলার ১৪ নম্বর ওয়ার্ডে ছিলাম। পরে শনিবার নতুন ভবনের তৃতীয় তলার ৩৩ নম্বর নিউরোলজি ওয়ার্ডে ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই একসঙ্গে নিচে নামার চেষ্টা করায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ধাক্কাধাক্কির মধ্যেই তার স্বামী পড়ে যান।

স্বজনদের অভিযোগ, আগুনের আতঙ্কে হাসপাতালের সিঁড়িতে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। এতে অনেকে আহত হন এবং শাহজাহানের মতো একজন রোগী প্রাণ হারান।

শাহজাহানের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে বিষ্ণুরামপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত