সাদা পোশাকে তুলে নিয়ে ৯৬ দিন নির্যাতন, ‘জঙ্গি’ স্বীকারে বাধ্য করা হয়েছিল : গোলাম মোস্তফা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-30 12:23:19 · স্টাফ রিপোর্টার
‘আমি একজন সাধারণ কারখানা শ্রমিক। তবুও রক্ষা পাইনি। সাদা পোশাকধারীরা আমাকে তুলে নিয়ে ৯৬ দিন গোপনে আটকে রেখে নির্যাতন করেছে। শেষে জঙ্গি বলে স্বীকার করতে বাধ্য করা হয়েছিল।’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে নিজের গুমের অভিজ্ঞতা তুলে ধরে এভাবেই বক্তব্য দেন গুমের শিকার গোলাম মোস্তফা।
রোববার (৩০ আগস্ট) ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে র্যালি শেষে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি বলেন, ২০১৯ সালের শেষ দিকে নারায়ণগঞ্জের একটি কারখানার সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এরপর ৯৬ দিন গোপন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং তাকে জঙ্গি পরিচয় স্বীকার করতে বাধ্য করা হয়।
গোলাম মোস্তফা বলেন, গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাদের পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।
অধিকার ময়মনসিংহের সমন্বয়কারী ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম, সাংবাদিক আব্দুল আউয়াল, মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল বারীসহ অন্যরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে গুম ব্যবহারের অভিযোগ রয়েছে। রাজনৈতিক নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাধারণ নাগরিকদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় নির্যাতনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহ করেছে বলেও তারা দাবি করেন।
তারা আরও বলেন, সরকার পরিবর্তনের পর গুমের বিচার ও প্রতিকার নিশ্চিত হওয়ার যে প্রত্যাশা ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংসদে পাস না হওয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের পরও গুমের অভিযোগ ওঠা উদ্বেগজনক বলে মন্তব্য করেন বক্তারা। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোলাম মোস্তফা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।