পূর্বধলার ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এমপি মানসুরার
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-03 17:29:17 · প্রতিবেদক, নেত্রকোণা
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজ এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেছেন সংসদ সদস্য মানসুরা আলম।
সফরকালে তিনি তার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।
নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন।
এছাড়াও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কার, কমনরুমের উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি অত্যাধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় সংসদ সদস্য মানসুরা আলম বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা আমাদের অঙ্গীকার। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল, উন্নত স্যানিটেশন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এসব উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষা খাতের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।