জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই জমজম হোটেলসহ ৬ দোকান
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-31 09:45:08 · প্রতিবেদক, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় জমজম হোটেল ও রিপন মোদকের মুদি দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে ।
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে চারপাশের দোকানে। ভয়াবহ এই দুর্যোগে মহান আল্লাহর রহমত কামনায় বকশীগঞ্জ মসজিদ থেকে দেওয়া হয় আজান। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টা এবং স্থানীয় শত শত মানুষের সম্মিলিত সহযোগিতায় দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় রিপন মদকের মুদি দোকান এবং জমজম হোটেলসহ আশেপাশের অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হাসান। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আসেন বণিক সমিতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন এবং ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দরা। তারা ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।