মাদকবিরোধী কণ্ঠ রোধে হামলার অভিযোগ, হালুয়াঘাটে মানববন্ধন
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-14 14:46:58 · শরিফুল হাসান রানা
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্য মো. মিরাশ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় হামলায় জড়িতদের বিচার এবং এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাকুয়াই ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিরাশ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত। এরই ধারাবাহিকতায় গতকাল শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গেটের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগী মিরাশ উদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত। আমাদের কার্যক্রমের ফলে অনেকের শাস্তি হয়েছে। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজনের ছোট ভাই গ্রামপুলিশ রুবেল, সুহেল ও অমিত আমাকে মারতে চাইছিল। পরে তারা তিনজন মিলে আমার ওপর হামলা করে। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাই। আমি এ ঘটনার বিচার চাই।’
শাকুয়াই ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্য মো. রাসেল মিয়া বলেন, কমিটির একজন সদস্যের ওপর হামলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্ত গ্রামপুলিশের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মাদক ও জুয়া নির্মূল উপদেষ্টা কমিটির সদস্য সায়েদুল ইসলাম বলেন, গত দুই থেকে তিন মাসে স্থানীয় সচেতন মহলের প্রতিরোধের কারণে মাদকসংক্রান্ত কয়েকটি মামলায় তিন থেকে চারজন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। এর জের ধরে কমিটির এক সদস্যের ওপর হামলা করা হয়েছে বলে তাঁদের ধারণা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত প্রক্রিয়ায় বিচার দাবি করেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, হামলায় অভিযুক্ত রুবেল শাকুয়াই ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ হিসেবে কর্মরত। এ সময় রুবেলের মাদক সেবনের অভিযোগ তুলে একটি ছবিও প্রদর্শন করা হয়। তাঁদের দাবি, ছবিতে রুবেলকে মাদক সেবন করতে দেখা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।