রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হলে কঠোর হাতে দমন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-14 14:16:13 · স্টাফ রিপোর্টার
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকারের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করা হলেও তাতে বাধা দেওয়া হবে না। তবে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা সবাই করতে পারে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সরকারের বিরুদ্ধে বলার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা। সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, তথ্য কর্মকর্তা মীর আক্রাম উদ্দিন আহমেদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে আইনটি সংশোধনের বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে সাইবার বুলিংয়ের শিকার নারী ও শিশুদের বিষয়টি কঠোরভাবে দেখা হবে। এই আইন কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে না।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময়ে আমিও সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। বাংলাদেশকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন আইন করা হচ্ছে। তবে শুধু আইন করে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিভ্রান্তিকর বা অপপ্রচারমূলক কনটেন্টে জেনে-শুনে কেউ লাইক, কমেন্ট বা শেয়ার করলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।’
বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে খেলার মাঠের সংকট রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। বর্তমানে অনেক শিশু-কিশোর ঘরে বন্দি অবস্থায় সময় কাটায়। তাদের খেলাধুলার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নৈতিক শিক্ষা নিয়ে কাজ করার কথাও জানান তিনি। এ নিয়ে ভিডিও রিলস তৈরি এবং বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও শিশুদের নিয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বিভিন্নভাবে নারী ও শিশুদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। দেশ ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড অতীতেও হয়েছে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা এবং অপপ্রচার থেকে দূরে থাকার বিষয়ে কার্যকর সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’