গোডাউনে সার থাকলেও পাচ্ছেন না কৃষকরা, দোকানের সামনে অবস্থান
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-15 14:07:46 · স্টাফ রিপোর্টার
জামালপুরের ইসলামপুর উপজেলায় সার সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন আমন চাষিরা। সার না পেয়ে ডিলারদের দোকানে অবস্থান নিয়েছেন কৃষকরা। সোমবার (১৪সেপ্টেম্বর) সরকার অনুমোদিত মেসার্স লিমা ট্রেডার্সের সামনে গিয়ে দেখা যায় এমন চিত্র। সার সংগ্রহের জন্য অর্ধশতাধিক কৃষক ভিড় করেছেন।কৃষকদের অভিযোগ, গোডাউনে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও ডিলাররা তা দিচ্ছেন না। সময়মতো সার না পেলে এ বছর আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ডিলারদের কাছে সার চাইতে গেলে তাদের আজ বা কাল আসার কথা বলে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে।
হতাশ এক কৃষক আক্ষেপ করে বলেন, আমরা ভিক্ষা চাইলেও ভিক্ষা পাই; কিন্তু সার পাচ্ছি না। আমাদের ১০ বস্তা সারের প্রয়োজন, অথচ দেওয়া হচ্ছে মাত্র এক বস্তা। এই সামান্য সার দিয়ে আমরা কী করব? আর এখনই সার না পেলে আমরা উৎপাদন করব কীভাবে? আমাদের তো সব শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
কৃষকদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে লাইনে দাঁড়িয়েও সার মিলছে না। ইউরিয়া ও ফসফেটসহ কোনো সারই চাহিদামতো পাওয়া যাচ্ছে না। সামান্য যেটুকু দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ডিলাররা ইচ্ছা করে সার সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করছেন।
এক ভুক্তভোগী কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন আমাদের বেঁচে থাকার লড়াই চলছে, আমরা শুধু সার চাচ্ছি। কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।
সার না পেয়ে শেষ পর্যন্ত অনেক কৃষক ডিলারের দোকানের সামনে অবস্থান নেন এবং দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, ইসলামপুরে কোনো সার সংকট নেই। আমরা পর্যাপ্ত পরিমাণে সার বরাদ্দ দিয়েছি। ৪৪ মেট্রিক টন চাহিদার বিপরীতে ৬৬ মেট্রিক টন সার দেওয়া হচ্ছে। কৃষক কেন যে এ রকম করছে, তা বুঝতে পারছি না। ইসলামপুরের পরিস্থিতি এখন স্বাভাবিক।