সূর্যকিরণ ছাড়া বাঁচে ডেভিল ফ্লাওয়ার
টেক মেইল · 2026-09-16 10:23:26 · মেইল ডেস্ক
সূর্যের আলো ছাড়া অধিকাংশ উদ্ভিদ বেঁচে থাকে, যা কমবেশি সবাই জানি। কিন্তু পৃথিবীতে এমনও উদ্ভিদ আছে, যেগুলো সূর্যকিরণ ছাড়াই বাঁচতে পারে। তেমনই এক উদ্ভিদের নাম থিসমিয়া ডেমোনা বা ডেভিল ফ্লাওয়ার। অদ্ভুত গড়নের এই ক্ষুদ্র উদ্ভিদের দেখা মিলেছে থাইল্যান্ডের থং ফা ফুম ন্যাশনাল পার্কের এক ছায়াঘেরা স্থানের মাটিতে।
দেশটির চুলালংকর্ন ইউনিভার্সিটি ও প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গত বছরের মে মাসে এই উদ্ভিদের খোঁজ পান। ডেভিল ফ্লাওয়ারের মাথায় তিনটি লম্বা শিংয়ের মতো অংশ রয়েছে। এর লালচে-কমলা অংশগুলো দেখতে জ্বলন্ত চোখের মতো। সাধারণ উদ্ভিদের মতো এতে কোনো ক্লোরোফিল নেই। ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে এটি খাদ্য তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য এই উদ্ভিদ মাটির নিচের ফাঙ্গাস বা ছত্রাকের ওপর নির্ভরশীল।
বিজ্ঞানীরা জানান, মাইকোহেটারোট্রফি প্রক্রিয়ায় উদ্ভিদটি মাটি থেকে কার্বন ও পুষ্টি সংগ্রহ করে থাকে, যা সূর্যালোকের পরিবর্তে সরাসরি মাটির নিচের ছত্রাক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে। আর তাই জীবনের বেশির ভাগ সময় পাতার স্তূপের নিচে লুকিয়ে থাকলেও ফুল ও ফল উৎপাদনের সময় এটি অল্প সময়ের জন্য মাটির ওপরে আত্মপ্রকাশ করে থাকে।
বিজ্ঞানীরা জানান, থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে ডেভিল ফ্লাওয়ার উদ্ভিদটির প্রথম সন্ধান পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠের ৯৩০ থেকে ৯৭০ মিটার উচ্চতায় এটি জন্মে থাকে। সাধারণত আর্দ্র রেইনফরেস্টে এই প্রজাতির উদ্ভিদ পাওয়া গেলেও পাহাড়ি অঞ্চলে এর উপস্থিতি অবাক করেছে বিজ্ঞানীদের।
প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটির উদ্ভিদবিদ সাহুত চান্তানওররাপিন্ট জানান, এই আবিষ্কার একটি বড় বিস্ময় ছিল। উদ্ভিদটির উচ্চতা ফুলসহ প্রায় সাড়ে ১২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এর মূলগুলো লোমশ এবং প্রবালের মতো। উদ্ভিদটির ফুলের রং প্রায় কালো এবং এর ভেতরে আধা-স্বচ্ছ নীল পুংকেশর রয়েছে। উদ্ভিদটি ফেইরি ল্যান্টার্ন বা পরির লন্ঠন নামেও পরিচিত। বিশ্বজুড়ে এই ধরনের প্রায় ১২০টি প্রজাতি রয়েছে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট।