কলমাকান্দায় দুই নদীতে সেতু নির্মাণের পরিকল্পনা, এলাকা পরিদর্শনে প্রকল্প পরিচালক
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-13 13:50:29 · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক সম্ভাব্যতা যাচাই শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারোয়ার কলমাকান্দার ওই দুই নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান এবং সংযোগ সড়ক এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি নদীর বর্তমান অবস্থা, ভৌত পরিবেশ ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক মাসুম সারোয়ার বলেন, "সীমান্তবর্তী মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত একটি বিষয়। স্থান দুটো সশরীরে পরিদর্শন করেছি। এখানে সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং স্থানীয় অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ঘটবে। খুব দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"
প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিছুর রহমান পাঠান বাবুল, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুকন পাঠান এবং স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় কোনো স্থায়ী সেতু না থাকায় দুই পারের হাজার হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। সেতু দুটি বাস্তবায়িত হলে যাতায়াত ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজতর হবে এবং স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।