বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা
টেক মেইল · 2026-09-14 12:12:42 · স্টাফ রিপোর্টার
বিশ্বজুড়ে আজ ১৪ সেপ্টেম্বর আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এই সংস্করণে আইফোনের নকশা, গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি, ফাইল আদান-প্রদান এবং গাড়িতে আইফোন ব্যবহারের অভিজ্ঞতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।তবে এবারের আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ উন্নত সিরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সিরি এখন আগের তুলনায় জটিল প্রশ্ন বুঝতে এবং ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পন্ন করতে আরও সক্ষম হবে।
আইওএস ২৭ আপডেটে আইফোনে যেসব নতুন সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য আটটি হলো:
১. সিরির উন্নত সংস্করণ
আইওএস ২৭-এর সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো সিরির উন্নত সংস্করণ। এতদিন সিরিকে মূলত অ্যালার্ম বা টাইমার সেট করা, আবহাওয়ার খবর জানা কিংবা সাধারণ কিছু কাজের জন্য ব্যবহার করা হতো। নতুন সংস্করণে সিরি আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং তুলনামূলক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে।
ব্যবহারকারীর আইফোনে থাকা তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সহায়তাও দিতে পারবে সিরি। এমনকি আইফোনের পর্দায় কী দেখা যাচ্ছে, সেটিও বুঝে সে অনুযায়ী সাহায্য করার সক্ষমতা থাকবে।
তবে উন্নত এসব সুবিধা শুরুতে সীমিতসংখ্যক ভাষায় পাওয়া যাবে। সব আইফোন ব্যবহারকারীও এর সুবিধা পাবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরি ব্যবহারের জন্য তুলনামূলক নতুন আইফোন প্রয়োজন হবে।
২. কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও নতুন সুবিধা
ফটোস অ্যাপে যুক্ত হচ্ছে এক্সটেন্ড ও রিফ্রেম নামের নতুন সুবিধা। এর মাধ্যমে ছবির আকার বা বিন্যাস পরিবর্তন, ছবির কোনো অংশ নতুনভাবে সাজানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন ছবি তৈরির সুযোগ আরও বাড়ানো হয়েছে।
ইমেজ প্লে গ্রাউন্ডে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে। শুধু নির্দেশনা লিখে শর্টকাটস অ্যাপে নতুন শর্টকাটও তৈরি করা যাবে।
এ ছাড়া হোম কিট সিকিউর ভিডিও ক্যামেরার ফুটেজের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর বর্ণনা তৈরির সুবিধাও থাকছে।
৩. লিকুইড গ্লাস নকশায় পরিবর্তন
আইওএস ২৬-এ অ্যাপল যে লিকুইড গ্লাস নকশা এনেছিল, আইওএস ২৭-এ সেটি আরও পরিমার্জন করা হয়েছে। অ্যাপলের দাবি, নতুন সংস্করণে লিকুইড গ্লাসের আলো-প্রতিফলন আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং লেখা ও অন্যান্য উপাদানের বৈপরীত্যও উন্নত করা হয়েছে।
অ্যাপের আইকনগুলোও এখন আরও পরিষ্কার ও বিস্তারিত দেখাবে। এ ছাড়া নতুন একটি স্লাইডারের মাধ্যমে লিকুইড গ্লাস কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।