উপজেলা বিএনপির দপ্তর সম্পাদককে দল থেকে অব্যাহতি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-13 06:10:06 · স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ সুজনকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
আবু সাইদ সুজন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর গ্রামের বাসিন্দা। তিনি আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনি মাদারগঞ্জ উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে দলের ভাবমূর্তি ও শৃংঙ্খলা পরিপন্থী নানা বক্তব্য ও কর্মকাণ্ড করে যাচ্ছেন। বারবার সতর্ক করা হলেও আপনি এ ধরণের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখেননি; বরং আরও বেপরোয়াভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায়, দলের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় আপনাকে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ সকল প্রকার পদ থেকে অব্যাহতি প্রদান করা হইলো।’
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন বলেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মেনে চলাই একজন নেতা বা কর্মীর আদর্শ। দলের প্রশ্নে কাউকে ছাড় নয় ‘
আবু সাইদকে বলেন, ‘আমাকে অব্যাহতির বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমেই জানলাম। তবে আমাকে কেন অব্যাহতি দেওয়া হলো আমি জানিনা। অব্যাহতি দেওয়ার আগে আমাকে সতর্ক করা উচিত ছিল৷ আমি আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দল থেকে যেন আমাকে সমর্থন না দেওয়া হয় তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কারণেই আমাকে অব্যাহতি দেওয়া হোক; অন্ততপক্ষে আমাকে সতর্কবার্তা দেওয়া উচিত ছিল। আমি মনে করি, সাংগঠনিক নিয়মে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। আমি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, আমাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার জেলা বিএনপির। এর জবাব চরপাকেরদহ ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে আগামীতে দিবে।’